
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আলমের পিতা আব্দুল গফুর গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ এর জের ধরে সংঘর্ষে আব্দুল গফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।